ঢাকায় আইএমইআই জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:২৯  
অ্যাপের মাধ্যমে চোরাই মোবাইলের IMEI নম্বর বদলানোর সঙ্গে জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানী ঢাকার পল্টন ও তেজগাঁও এলাকায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে এ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন শফিকুল ইসলাম (২৫), মাসুদ আহমেদ রানা (৩২), মো. ইমন (২৩), সিরাজ আলি (৩০), রানা হাজরা (২৬) ও আলামিন (১৯)। তাদের কাছ থেকে একটি কম্পিউটার, সাতটি মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, ২০টি মোবাইল ও নগদ ৬৬,৮৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী, বিশেষ সফটওয়ারের মাধ্যমে চোরাই মোবাইলের IMEI নম্বর বদল হওয়া মোবাইল দিয়ে পরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। ওই কর্মকাণ্ডে জড়িত থাকায় আরও কয়েকজনের বিষয়ে খতিয়ে দেখছে র‌্যাব।